সিলেটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৫:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
তাদের একজন নারী (৩০) ও অপরজন পুরুষ (৫৩) বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, জ্বর ও সর্দির মত করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর বাড়ি নগরীর দাড়িয়াপাড়ায়। তিনি যক্ষা ও লিভারের রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হবে।
অন্যদিকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মারা যাওয়া পুরুষ। বিশ্বনাথ উপজেলার বাসিন্দা এই ব্যক্তির শ্বাসকষ্ট ছাড়া করোনার আর কোন উপসর্গ ছিল না। তিনি অনেকদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানান ডা. সুশান্ত। এজন্য এই ব্যক্তির নমুনা পরীক্ষা করা হবে না বলে জানান তিনি।