ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মুরাদনগরে একই পরিবারের ৯ জনের করোনা শনাক্ত

মুরাদনগরে একই পরিবারের ৯ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৪:৪৬ | আপডেট: ০৯ মে ২০২০ | ০৫:০৭

কুমিল্লায় প্রথমবার একই পরিবারের নয় জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের বাড়ি মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাখরনগর গ্রামে। আক্রান্তদের মধ্যে দুইজন বৃদ্ধ ও পাঁচ শিশু রয়েছে। আক্রান্তদের সবার আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তরা কোম্পানীগঞ্জ বাজারের দু'টি ফার্মেসিতে আসা-যাওয়া করায় ওই দু'টি ফার্মেসী ও তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি  বাড়ী লকডাউন করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্যবিভাগ।

সূত্র জানায়, বাখরনগর গ্রামের দুই ব্যক্তি লকডাউনের মধ্যে ঢাকা থেকে বাড়ি আসেন। জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহকারীরা এসে তাদের নমুনা সংগ্রহ করেন। এতে ওই দুজনের রিপোর্ট পজিটিভ আসে। পরে ওই দুজনের পরিবারের আরও ৭ জনসহ মুরাদনগর থেকে মোট ১৮টি নমুনা  পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠালে শুক্রবার রাতে রিপোর্ট পাওয়া যায়। এতে দেখা যায়, ওই পরিবারের আরও ৭ জনই করোনাআক্রান্ত। এক পরিবারে মোট ৯ জন করোনা আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, ‌‘উপজেলার একটি গ্রামের এক পরিবারের ৯ জনের করোনা পজেটিভ এসেছে। তাদের সংর্স্পশে আসা আশপাশের সবক’টি  বাড়ি ও বাখরনগর-মোচাগড়া সড়ক লকডাউন করা হয়েছে। একইসঙ্গে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের গ্রীন ও গ্রামীন নামে দু'টি ফার্মেসি সিলগালা ও কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনার রিপোর্ট পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম জানান, বাখরনগর গ্রামে এক পরিবারে ৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখা রয়েছে।

আরও পড়ুন

×