ফরিদপুরে বাবা-ছেলের করোনা শনাক্ত
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৪:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফরিদপুরে বাবা-ছেলের করোনা শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
করোনায় আক্রান্ত বাবা-ছেলের বাড়ি ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের একটি গ্রামে। এদের মধ্যে বাবার বয়স ৫৫ ও ছেলের বয়স ২৪ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত বাবা ঢাকায় একটি পত্রিকার কার্যালয়ে মেশিনম্যান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি ঢাকায় অসুস্থ হয়ে পড়লে এবং তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে ছেলে গত বৃহস্পতিবার বাবাকে নিয়ে ফরিদপুরে আসেন । পরে শুক্রবার করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য দুজনেই হাসপাতালে নমুনা দেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে শনিবার নতুন করে দুইজনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ২৬ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ফরিদপুর সদরে ৭, নগরকান্দা ও বোয়ালমারীতে ৫ জন করে, ভাঙ্গায় ৩, চরভদ্রাসন ও আলফাডাঙ্গায় ২ জন করে এবং সদরপুর ও মধুখালীতে ১ জন করে করোনা রোগী আছেন।।
সিভিল সার্জন আরও বলেন, এর মধ্যে নগরকান্দার ৪ ও বোয়ালমারীর ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।