ঈদের আগে গোপালগঞ্জেও খুলছে না মার্কেট
ফাইল ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০ | ১০:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মহামারি করোনাভাইরাস উদ্বেগজনকহারে বিস্তারের কারণে গোপালগঞ্জ শহরের সব দোকান ও মার্কেট ঈদের আগে খোলা হচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের বিভিন্ন ব্যবাসায়ী সমিতির সঙ্গে জেলা প্রশাসনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্যাসায়ীরা অনলাইনে কেনা-বেচা করতে পারবেন বলে এ সভা থেকে জানানো হয়।
এ ছাড়া শেখ কামাল স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে হকাররা কাপড়-গার্মেন্টস আইটেমের বেচা-কেনা করতে পারবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
এ সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, চেম্বার অব কমার্সের সভাপতি কাজী জিন্নাত আলী লেকু, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ১০ মে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে দেশের সব মার্কেট খোলা রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি গোপালগঞ্জের মার্কেট খুলে প্রতিপালন করা সম্ভব নয় বলে সভায় ব্যাসায়ীরা মত দিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দোকান খুলে দিলে সংক্রমণের আশঙ্কা থাকছে। তাই মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, অনলাইনে কেনাকাটা, সরকারি নির্দেশনা মেনে শেখ কামাল ষ্টেডিয়ামে কাপড়, গার্মেন্টর্স মার্কেট স্থানান্তর করা হবে। তবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকছে। ঈদের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তখন মার্কেট খোলা হবে।