কুড়িগ্রামে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২০ | ০০:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুড়িগ্রামে নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাসে শণাক্ত হয়েছে। এই দু'জনই নাগেশ্বরী উপজেলার অধিবাসী। শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে নাগেশ্বরী পৌরসভার কুটি পয়রাডাঙ্গা গ্রামের ১৮ বছর বয়সী এক কিশোর এবং নিপসম থেকে সন্তোষপুর ইউনিয়নের ধনিরপাড় গ্রামের ৫১ বছর বয়সী একজনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় মোট ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে রোববার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৪৭০ জন। মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ২৩৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।
এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ৮০৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ৫৯১ জনের। তারমধ্যে ৩৪ জনের ফলাফল পজেটিভ এসেছে। এদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।