ক্ষেতলালে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২০ | ০২:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সারা দিন বাজারে দোকান করে রাতে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন শামীম (৪০) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে দশটায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রেখেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে শামীম হোসেন উপজেলার মনঝার বাজারে ফার্মেসি বন্ধ করে দাশড়া সরাইল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় গ্রামে ওহাব মাস্টারের খলার পাশে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে বাম হাতের নিচে এবং গলা কেটে জখম করে পালিয়ে যায়। এ সময় আহত শামীম হোসেন কথা বলতে না পেরে নিজ এবং প্রতিবেশীর বাড়ির দরজায় ধাক্কা দিয়ে লুটিয়ে পড়েন। পরে সবাই শামীমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তালশন গ্রামে তার মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান বলেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা শামীমকে খুন করেছে। এ খুনের ব্যপারে ওই এলাকা থেকে ৬জনকে জিজ্ঞাসার জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।