চাটমোহরে বন্দুকসহ ইউপি সদস্য আটক
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২০ | ০৪:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বন্দুক ও গুলিসহ এক ইউনিয়ন পরিষদের (ইউপি)সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার বিকেলে আটক সাখাওয়াত হোসেন (৪১) উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি একই ইউনিয়নের খতবাড়ি গ্রামের আজাহার প্রামানিকের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যঅবের একটি বিশেষ দল শনিবার বিকেলে খতবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সাখাওয়াত মেম্বারকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, সাখাওয়াত হোসেন দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র কেনাবেচার সাথে জড়িত। সেইসাথে অস্ত্র দিয়ে লোকজনদের ভয় দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র নিজের কাছে রেখে বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেন তিনি।
এ ঘটনায় আটক সাখাওয়াতের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা হয়েছে।