ইউটিউব চ্যানেল ও ফেসবুকে হবে খুলনার শিক্ষার্থীদের ক্লাস
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ মে ২০২০ | ০৮:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা সংকটের কারণে দেশব্যাপী লকডাউনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় তথ্য-প্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য ভিডিও কনটেন্টে বিভিন্ন ক্লাস ধারণ করে ইউটিউব এবং ফেসবুকে প্রচার করার উদ্যোগ নিয়ে খুলনা জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা ও জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল প্রাইমারি এডুকেশন খুলনা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সেকেন্ডারি এডুকেশন খুলনা নামে দুটি ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে এবং একই নামে দুটি ফেসবুক পেজও খোলা হয়েছে।
সোমবার বেলা ১২টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।