কিশোরগঞ্জে আরো ২১৭ কয়েদিকে মুক্তি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১০ মে ২০২০ | ০৯:১১ | আপডেট: ১০ মে ২০২০ | ০৯:২২
সরকারি সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে আরো ২১৭ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়।
এর আগে গত ৩ এপ্রিল ২৪ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়। ফলে দুই দফায় কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মোট ২৪১ জন কয়েদি মুক্তি পেয়েছেন।
করোনা ভাইরাস বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত এসব কয়েদিকে মুক্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি বিশেষ নির্দেশনা অনুযায়ী তাদের এ মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১ বছরের জন্য লঘুদণ্ডে দণ্ডিত হয়ে যারা সাজা ভোগ করে আসছিলেন এবং তাদের মধ্যে আরো যারা বয়স্ক, অচল, বৃদ্ধ ও অসুস্থ; তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে নতুন করে এই ২১৭ জনকে ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করার পরিপ্রেক্ষিতে তারা মুক্তি পান।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ৩১৫ জন কয়েদির তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই করে শনিবার সন্ধ্যায় স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২১৭ জন কয়েদির মুক্তির আদেশ দেন। এর আগেও একই আদেশে আমরা ২৪ জন কয়েদিকে মুক্তি দিয়েছি। এখন পর্যন্ত কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মোট ২৪১ জন কয়েদি মুক্তি পেয়েছেন।