ধামরাইয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা স্ত্রী-ছেলে আটক
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ১০ মে ২০২০ | ১৪:২৬
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জের ধরে মতিয়ার রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের এ ঘটনায় গতকাল রোববার সকালে নিহতের স্ত্রী কাজলী বেগম ও মাদকাসক্ত ছেলে রবিনকে আটক করেছে পুলিশ।
নিহত মতিয়ার স্থানীয় একটি কারখানায় মালি পদে চাকরি করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, বালিথা গ্রামের নান্দু বেপারীর পালক ছেলে মতিয়ার রহমানের স্ত্রী কাজলী বেগম প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে পরকীয়া করে ধরা পড়েন। এ নিয়ে মতিয়ারের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো।
এরই মধ্যে নান্দু বেপারী পালক ছেলে মতিয়ারের নামে সাড়ে চার বিঘা জমি লিখে দেন। এতে মতিয়ারের প্রতি স্ত্রী ও ছেলের ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশও বসে। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ফের কথা কাটাকাটির একপর্যায় কাজলী বেগম স্বামী মতিয়ারের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ভোর ৪টার দিকে মতিয়ার স্ট্রোক করে মারা গেছেন বলে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। প্রতিবেশীরা এসে মতিয়ারের গলায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ করেন। খবর পেয়ে পুলিশ এসে কাজলী বেগম ও ছেলে রবিনকে আটক করে।
ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা ও ছেলে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, লোমহর্ষক এ হত্যাকাণ্ডের বিস্তারিত আজ সোমবার জানানো হবে।