ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জলপ্রপাত দেখা হলো না শিশুটির

জলপ্রপাত দেখা হলো না শিশুটির
×

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত নিহা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪ | ২২:৪৩

পরিবারের সঙ্গে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাওয়ার পথে হবিগঞ্জের বাহুবলে মাইক্রোবাস উল্টে প্রাণ গেছে নিহা আক্তার (৬) নামের এক শিশুর। শনিবার দুপুরে উপজেলার হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের আমতলীতে দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী মাইক্রোবাসটি। এতে নিহার বেশ কয়েকজন স্বজন আহত হয়েছেন।

নিহা জেলার চুনারুঘাট পৌরসভাধীন বাগবাড়ি এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। সে বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে পড়তো বলে স্বজনরা জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে নিহার প্রায় অর্ধশত আত্মীয়-স্বজন ১০টি মাইক্রোবাস নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন। তাদের গাড়িবহরটি হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের আমতলীতে পৌঁছালে একটি মাইক্রোবাসের চাকা ফেটে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় নিহা। 

এ দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও কয়েকজন যাত্রী আহত হন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। 

নিহার এক স্বজন বলেন, মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে নিহার বাবা মিজানুর রহমান দুবাই থেকে বাংলাদেশগামী বিমানে উঠেছেন। তিনি ফেরার পর শিশুটির জানাজা ও দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান তিনি। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, নিহার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
 

আরও পড়ুন

×