সিলেটে করোনায় ওয়ার্ড বিএনপি সভাপতির মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০০:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ সুরমা উপজেলার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দবির মিয়া মারা গেছেন।
রোববার রাত সাড়ে ১০ টার দিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তি করোনা আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়। রিপোর্ট আসার ঘন্টাখানেক আগেই তিনি মারা যান। সোমবার স্বাস্থ্যবিধি মেনে করোনায় মারা যাওয়া ব্যক্তির দাফন করা হবে।
এই ব্যক্তিকে নিয়ে সিলেট জেলায় করোনায় একজন চিকিৎসকসহ ৪ জনের মৃত্যু হলো। এতে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জন। সিলেট ছাড়া করোনায় মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট ৪১৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন; যাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫৪ জন রয়েছেন।