নাসিরনগরে দুই দিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৩:৪৭ | আপডেট: ১৮ মে ২০২০ | ০৩:৫৭
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদী ও পাট ক্ষেত থেকে দুই দিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
রোববার বিকাল ৫টার দিকে লঙ্গন নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির এবং সোমবার ১২টার দিকে বলভদ্র নদীর কাছে পাট ক্ষেত থেকে মোহন লাল সরকার নামে (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের পাশে লঙ্গন নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত ওই মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, মৃতদেহটি প্রায় ৬ দিন আগের এবং মরদেহটি আনুমানিক ৩৫ বছর বয়সী একজন পুরুষের।
এদিকে নিখোঁজের একদিন পর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামের মোহন লাল সরকার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামের রঞ্জিত সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার ভোরে গরুর জন্য ঘাস কাটতে যান মোহন লাল। সকাল পেরিয়ে সন্ধ্যা হলেও বাড়িতে ফেরেননি তিনি। পরে অনেক খোঁজাখুজির পর সোমবার সকালে পাশের ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের ফজর আলীর পাট ক্ষেতে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের নাকে ও মুখে আঘাতের চিহ্ন আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. কবির হোসেন সমকালকে বলেন, দুই দিনে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে সঠিক কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি বলেও জানান তিনি।