ঘাটাইলে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু
বোরো ধান সংগ্রহ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৪:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।
রোববার দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, প্রান্তিক কৃষকরা যাতে ধানের সঠিক মূল্য পায় তার জন্য সরকার সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান কিনছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনার জন্য উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ২০০ জন কার্ডধারী কৃষক থেকে লটারির মাধ্যমে ১ হাজার ৮২০ জন কৃষক নির্বাচিত করা হয়। ধান কেনার স্বচ্ছতার জন্যই লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রতি মণ ধান এক হাজার ৪০ টাকা দরে কেনা হবে। ঘাটাইল উপজেলায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০০ মেট্রিক টন। এবার প্রতি কৃষক গুদামে সর্বনিম্ন ১ টন ও সর্বোচ্চ ৩ টন ধান বিক্রি করতে পারবেন। ধান সংগ্রহ কর্মসূচি ৩১ আগস্ট পর্যন্ত চলবে।