প্রধানমন্ত্রীর অনুদানের টাকা লুটপাট হয়েছে: দুলু
ভিডিও কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু -সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৬:০৮ | আপডেট: ১৮ মে ২০২০ | ০৬:১৬
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা লুটপাট হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীরাই করছ। যারা দিন আনে দিন খায়, গরিব, অসহায় মানুষ, কর্মহীন মানুষ তারা অনেক কষ্টে আছেন। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগের নেতারা চুরি করছে এবং প্রধানমন্ত্রীর অনুদানের টাকাও বাদ যচ্ছে না।
সোমবার শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিগত দিনে নিহত বিএনপির নেতাকর্মীদের মধ্যে ৩৫ জনের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন ।
দুলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ পরিবারকে ১ হাজার ২৫৭ কোটি টাকা দেবেন। আমরা এখন খবর দেখছি সরকারের লোকেরা প্রতিজনের কাছ থেকে ৫০০ টাকা রেখে দুই হাজার টাকা দিচ্ছে। আবার যারা তালিকা করছেন তাদের নিজস্ব লোক আত্মীয়-স্বজনদের নাম তালিকায় দিচ্ছেন। গরিব মানুষের নাম তালিকায় থাকে না।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকা দিয়ে সারা দেশে অসহায়, গরিব মানুষকে ত্রাণ দিচ্ছে। আমরা এমনিতেই বিপদে আছি। আমাদের রাস্তায় দেখলে গ্রেপ্তার করা হয়। গুম করা হয়। এই অবস্থার মধ্যেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যতই বিপদ আসুক অসহায় মানুষদের পাশে থাকতে হবে। এজন্য আমরা সারা দেশে সর্বদা মানুষের পাশে আছি এবং থাকব।
জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরোও বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, আহবাায়ক কমিটির সদস্য বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু ,ফরহাদ আলী দেওয়ান শাহীন, শ্রমিক দল সভাপতি আবু রায়হান ভুলু, বিএনপি নেতা বাবুল চৌধুরী, জেলা যুবদল সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, যুবদল নেতা এম হাসান পরশ, যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ।