ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কুড়িগ্রামে ২ নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

কুড়িগ্রামে ২ নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
×

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৯:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুড়িগ্রামে নতুন করে দুই নারী পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগার থেকে ৫২ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। তার মধ্যে ২০ বছর বয়সী এই দুই নারী পুলিশ সদস্যের ফলাফল পজিটিভ আসে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) থেকে বদলী হয়ে গত বৃহস্পতিবার (১৪ মে) ১২ জন নারী পুলিশ সদস্য এ জেলায় যোগদান করেন। এখানে যোগদানের সাথে সাথে তাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ লাইনসে আলাদাভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়।

সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, গত শনিবার ওই ১২ নারী পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে দুই জনের ফলাফল পজিটিভ এসেছে। তাদের জেনারেল হাসপাতালের করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ডে স্হানান্তরের প্রক্রিয়া চলছে।

এ দিকে এ নিয়ে জেলায় মোট ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে সোমবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ২৯৮ জন। এ ছাড়া মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ৭০৭ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।

এ পর্যন্ত জেলা থেকে ১ হাজার ২৬৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১ হাজার ২০ জনের। তার মধ্যে ৫৭ জনের ফলাফল পজিটিভ। এদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন

×