ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কাদায় মুখ চেপে অটোচালক কিশোরকে হত্যা

কাদায় মুখ চেপে অটোচালক কিশোরকে হত্যা
×

মানিকগঞ্জ প্রতিনিধি  

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৭:২৯

| প্রিন্ট সংস্করণ

সড়কে ঝাঁকুনির কারণে ব্যাটারিচালিত অটোরিকশাচালক কিশোর সাকিবুলকে ধীরে চালাতে বলেন যাত্রী আসাদুজ্জামান আসাদ। এক পর্যায়ে ঝাঁকুনির কারণে আসন থেকে অটোরিকশার ভেতরে পড়ে যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সড়কের পাশের কাদায় নাক-মুখ চেপে কিশোর সাকিবুলকে হত্যা করেন আসাদ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জেলা কার্যালয়ের একটি দল তাঁকে গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই হত্যাকাণ্ডের বিষয়ে এসব তথ্য জানান। নিহত সাকিবুল ইসলাম (১৬) মানিকগঞ্জ সদরের মিতরা গ্রামের রহমত আলীর ছেলে। গ্রেপ্তার আসাদের (৩৪) বাড়ি সদর উপজেলার বরুন্ডি এলাকায়। তিনি ঢাকার সাভারের হেমায়তপুরে একটি রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাকিবুলের বাবা সাত দিন জ্বরে অসুস্থ ছিলেন। গত ৩০ জুন বিকেলে বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাকিবুল। এর পর থেকে নিখোঁজ ছিল সে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরের দিন ১ জুন সকালে জেলার সিংগাইর উপজেলার গোলাই নতুনপাড়া এলাকায় একটি পাটখেত থেকে তার মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে সিংগাইর থানার পুলিশ। ২ জুন সন্ধ্যায় নিহত কিশোরের বাবা অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। গত বুধবার সন্ধ্যায় সাভারের যাদুরচর এলাকা থেকে আসামি আসাদকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল।

মানিকগঞ্জ পিবিআইর পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আসাদুজ্জামান আসাদ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। গত ৩০ জুন বিকেলে মানিকগঞ্জ সদরের বরুন্ডি এলাকায় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আসামি আসাদ সাভারের দক্ষিণ যাদুরচর এলাকার ভাড়া বাসা থেকে বের হন। সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে তিনি মানিকগঞ্জ সদরের মিতরাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বৃষ্টির কারণে আটকা পড়েন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাকিবুলের অটোরিকশা পেয়ে তাকে গোলাইডাঙ্গা যাওয়ার জন্য ২০০ টাকা ভাড়া নির্ধারণ করেন। খানাখন্দ ভরা সড়কে ঝাঁকুনির কারণে অটোরিকশা ধীরে চালাতে বলেন আসাদ। এক পর্যায়ে ঝাঁকুনির কারণে আসন থেকে অটোরিকশার ভেতরে পড়ে যান তিনি। এ সময় ক্ষিপ্ত হয়ে সড়কের পাশে কাদায় নাক-মুখ চেপে কিশোর সাকিবুলকে হত্যা করেন ওই যাত্রী। এরপর তিনি সেখান থেকে পালিয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বলেন, একটি সিসিটিভির ফুটেজ দেখে প্রথমে ওই যাত্রীকে (আসাদ) শনাক্ত করা হয়। পরে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। 
গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×