সিলেটে আরও ১২ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ মে ২০২০ | ১০:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, এদিন তাদের ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে; যার মধ্যে ১২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
সিলেট জেলার নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন সিলেট জেলার এবং একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। সিলেটে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৭ জন ও বিশ্বনাথের ৪ জন রয়েছেন। অন্যদিকে হবিগঞ্জের শনাক্ত হওয়া ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
নতুন শনাক্ত হওয়া ১২ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬৫ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জে ১৩২ জন, সুনামগঞ্জে ৭৫ জন ও মৌলভীবাজারে ৬১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।