শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের স্বীকারোক্তি
আটক রিংকু সরকার -সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ১০:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
হবিগঞ্জের বানিয়াচংয়ে সুবর্ণা সরকার (৯) নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক রিংকু সরকার (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার বিকেলে রিংকু হবিগঞ্জের জেলা ও দায়রা জজ সুলতান উদ্দিন আহমেদেরে আদালতে জবানবন্দি দেন।
নিহত শিশু সুবর্ণা সরকার উপজেলার চিলারাই গ্রামের ধনঞ্জয় সরকারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। আটক রিংকু সরকার একই গ্রামের হগেন্দ্র সরকারের ছেলে।
আদালতে রিংকু জানায়- গত ১৫ মে শিশু সুবর্ণা সরকারকে রাত ৮টার সময় তুলে নিয়ে বাড়ির পাশে ধানের খলায় মুখ চেপে ধর্ষণ করেন। পরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ একটি ডোবায় ফেলে দেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ১৫ মে সন্ধ্যায় সুবর্ণা নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের দুইদিন পর প্রতিবেশী রিংকুর আচরণে সন্দেহ দেখা দিলে ১৭ মে সন্ধ্যায় ওয়ার্ড সদস্য (মেম্বার) আবুল কালামের নির্দেশে স্থানীয় লোকজন তাকে আটক করে। তাৎক্ষণিক বিষয়টি বানিয়াচং থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিংকুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেন। এরপর রিংকুর দেওয়া তথ্যমতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়। সোমবার দুপুরে নিহত শিশুর বাবা প্রভাত সরকার বাদি হয়ে রিংকু সরকারের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ আসামিকে আদালতে পাঠালে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।