ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দুর্গাপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আহত ৭

দুর্গাপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আহত ৭
×

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ১০:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আবদুল জলিল(৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ৭ জন। 

গুরুতর আহত ইব্রাহিম মিয়া ও মিরাস উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর জয়নাল উদ্দিন, শফিকুল মিয়া, মুর্শিদ মিয়া, খুর্শিদ মিয়া ও মুসলিম উদ্দিনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিমারাকান্দা গ্রামে সোমবার বিকেলে মসজিদের ইমাম জয়নাল আবেদিনের ছোট ভাই মিরাস উদ্দিন ক্ষেতে মাছ ধরতে গেলে একই গ্রামের দুলালের ছেলে শাহ আলম বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি শেষে পরিস্থিতি শান্ত হয়। মঙ্গলবার বিকেলে আবদুল জলিল তার লোকজনসহ মাঠে ধান শুকাতে গেলে আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে দুলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আবদুল জলিল ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×