ওসমানীতে একদিনে ২১ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৯ মে ২০২০ | ১২:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে একদিনে রেকর্ড ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করলে ২১ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এতথ্য নিশ্চিত করে বলেছেন, নতুন আক্রান্ত হওয়া সকলে সিলেট জেলার বাসিন্দা।
নতুন আক্রান্তদের নিয়ে সিলেট জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬ জনে। এদের মধ্যে বিশ্বনাথ থানায় কর্মরত বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া হবিগঞ্জে ১৩২ জন, সুনামগঞ্জে ৭৫ জন ও মৌলভীবাজা্েররর ৬১ জন নিয়ে সিলেট বিভাগে মোট ৪৫৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৭ জন মারা গেছেন।
এদিকে মঙ্গলবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) স্থাপিত নতুন পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার কথা থাকলেও তা হয়নি। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আনুষ্ঠানিক উদ্বোধনের পর মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষা শুরুর কথা বলা হয়েছিল। এদিন ‘টেস্ট রান’ করে বুধবার দুপুর থেকে নমুনা পরীক্ষা শুরু করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের প্রধান অধ্যাপক শামসুল হক জানিয়েছেন, বুধবার দুপুরের পর তারা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।