ঘূর্ণিঝড় ‘আম্পান’
সাতক্ষীরায় বাড়ছে দমকা হাওয়া-বৃষ্টি, আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ
ছবি: সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২০ | ২১:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় মঙ্গলবার রাত থেকেই থেমে থেকে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে নদ-নদী। জোয়ারের পানিও বৃদ্ধি পেয়েছে। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে বৃষ্টি ও দমকা হাওয়া। ঘূর্ণিঝড় আম্পানের কবল থেকে রক্ষা পেতে মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রে। জেলা প্রশাসনের তথ্য মতে- উপকুলীয় এলাকার লক্ষাধিক মানুষ এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
এদিকে, ঘূর্ণিঝড় আম্পানের বিষয়ে সতর্ক করে উপকূলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র মাইকিং করছেন সিপিপি সদস্যরা। টাঙানো হয়েছে লাল পতাকা। উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুরসহ অন্যান্য ইউনিয়নের সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনার কাজ করছেন প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি, নৌ বাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।
অপরদিকে, ঘূর্ণিঝড় আম্পানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলার এক হাজার ২৭২টি আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছেন। উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের ৫৫ হাজার মানুষের মধ্যে ১০ হাজার মানুষকে নদী পার নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। বাকি মানুষ স্থানীয় আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্কুল ও মসজিদ এবং বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। তবে, ঝুঁকিপূর্ণ বেড়িবাধ নিয়ে আতঙ্কে রয়েছেন উপকূলের মানুষ। শ্যামনগর ও আশাশুনির অন্তত ৪৩টি পয়েন্টে বেড়িবাধ জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। যা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ডাম্পিং করে মেরামতে করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী জানান, উপকূলীয় উপজেলা শ্যামনগরের ৬৫ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে বর্তমানে অবস্থান করছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, জেলার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে পর্যাপ্ত মাস্ক ও গামছা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসনসহ প্রত্যেক ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্গতদের জন্য ২৫০ মেট্রিক টন চাল ও ১২ লাখ টাকা বরাদ্ধ পাওয়া গেছে।