সিলেটে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ মে ২০২০ | ০০:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম নামের একজন পল্লী চিকিৎসক মারা গেছেন।
তিনি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। নিজের ফার্মেসি ব্যবসা পরিচালনার জন্য তিনি পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারে বসবাস করতেন।
বুধবার রাত দেড় টার দিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান শাহীন।
তিনি জানান, বুধবার রাত ১০টার দিকে আবুল কাশেমকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাড়ে ৩ ঘণ্টা পর তিনি মারা যান।
চিকিৎসক শাহীন বলেন, গত ১৯ মে নমুনা পরীক্ষায় আবুল কাশেমের করোনা পজিটিভ জানা যায়। গোলাপগঞ্জের টিকরবাড়ি গ্রামের প্রথম করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন আবুল কাশেম। এই গ্রামের নারী-শিশুসহ ১৩-১৪ জন প্রথম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়ে ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এরপর ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সারাদেশের মধ্যে প্রথম চিকিৎসক হিসেবে করোনায় মারা যান। এখন পর্যন্ত সিলেটে বেশ কয়েকজন চিকিৎসক, সেবিকা করোনায় আক্রান্ত হয়েছেন।