ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মহাসড়কে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলেই...

মহাসড়কে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলেই...
×

চেকপোস্টে পুলিশের তৎপরতা -সমকাল

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৮:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঈদ সামনে রেখে ঘরমুখী যাত্রীদের স্রোত ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ অংশে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে বিপুল সংখ্যক প্রাইভেটকার, মাইক্রোবাসহ অন্যান্য ব্যক্তিগত যানবাহন ফেরত পাঠানো হচ্ছে। 

জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর গজারিয়া প্রান্ত ও কাঁচপুর সেতু এলাকায় চেকপোস্ট স্থাপন করে তৎপরতা শুরু করেছে পুলিশ। এ সময় লকডাউনের আওতামুক্ত চলাচলকারী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরণের পণ্যবাহী যানবাহন ব্যতীত চলাচল নিষিদ্ধ করা অসংখ্য যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করে যুক্তিযুক্ত কারণ ব্যাখ্যা করতে না পারলে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশফাকুজ্জামান ও হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত জিসানুল হকের নেতৃত্বে একদল পুলিশ দিনরাত এই দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, চেক পোস্টে আটকে দেওয়া বেশির ভাগ প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল নানা অজুহাতে মহাসড়কে বের হচ্ছে। ব্যক্তিগত ওই পরিবহনগুলোর যাত্রীরা ঢাকায় প্রবেশের চেষ্টা করেছেন এবং কেউ কেউ ঢাকা থেকে বিভিন্ন জেলায় গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ঢাকায় প্রবেশ বা বাহির হওয়ার জন্য যৌক্তিক কারণ দেখাতে না পারায়, যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার চট্টগ্রাম ও ঢাকামুখী যানবাহনের চাপ অনেকটা কম রয়েছে। তবে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার মেঘনা ব্রিজ, জামালদি বাসস্ট্যান্ড, ভবেরচর, পাখির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেলে চরে যে সব যাত্রী ঢাকায় প্রবেশের চেষ্টা করছেন এবং যারা ঢাকা থেকে গ্রামের বাড়ি বিভিন্ন জেলায় যাওয়ার চেষ্টা করছেন সেসব গাড়ি জিজ্ঞাসাবাদ শেষে ঘুরিয়ে দেয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের সদর সার্কেল আশফাকুজ্জামান ও হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ জোনের অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক সমকালকে জানান, করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ প্রতিরোধে কেউ যাতে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বের হতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার অংশের মেঘনা ও মেঘনা-গোমতী সেতু ও কাঁচপুর সেতুর পাশে চেকপোস্ট বসানো হয়েছে। যৌক্তিক কারণ ছাড়া যেসব গাড়ি ঢাকায় প্রবেশের চেষ্টা করছে তাদের ঘুরিয়ে ফেরত পাঠানো হচ্ছে।

আরও পড়ুন

×