ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নন্দীগ্রামে দু`মাস ধরে দরিদ্রদের খাওয়াচ্ছেন আব্দুর রাজ্জাক সুমন

নন্দীগ্রামে দু`মাস ধরে দরিদ্রদের খাওয়াচ্ছেন আব্দুর রাজ্জাক সুমন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৯:০০ | আপডেট: ২১ মে ২০২০ | ০৯:৩৯

করোনাভাইরাস সংক্রমণের এটি কঠিন পরিস্থিতিতে বগুড়ার নন্দীগ্রামে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় যুবদল নেতা আব্দুর রাজ্জাক সুমন। প্রায় দুই মাস ধরে নিজ উদ্যোগে এলাকার দরিদ্র তিন হাজার পরিবারকে প্রতিদিন খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে নন্দীগ্রাম বাজার এলাকায় রান্না হয়। সেই রান্না খাবার স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন। এলাকার প্রায় ১৭০ জন স্বেচ্ছাসেবী খাবার রান্না ও পৌঁছে দেওয়ার কাজ করছেন। এলাকাবাসী জানায়, প্রথমে সংকটে পড়া এক হাজার মানুষকে খাবার দেওয়া শুরু করেন আব্দুর রাজ্জাক সুমন। এখন তিন হাজার জনকে ওই সহায়তা দিচ্ছেন তিনি।

স্থানীয় বাসিন্দা রহিমা বেগম জানান, তিনি বগুড়ার একটি মেসে কাজ করতেন। দু'মাস ধরে মেস বন্ধ। তার স্বামী রকিবুল টুক-টাক কাজ করতেন, সেটাও বন্ধ। প্রথম সপ্তাহে একেবারে আয়শূন্য হয়ে যখন দিশেহারা তখন সুমনের দেওয়া খাবারে তার সংকট কাটে। প্রায় দেড় মাস এভাবে পার করছেন।

নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী জানান, সুমনদের পরিবার এ এলাকায় বহু আগে থেকে জনসেবার জন্য পরিচিত। এর আগেও নানা দুর্যোগ-দু:সময়ে এই পরিবার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও সুমন সাধারণ মানুষের পাশে।

এ ব্যাপারে আব্দুর রাজ্জাক সুমন সমকালকে জানান, করোনা সংকটের শুরুর দিকে এলাকায় নিত্যপণ্য পাওয়া কষ্টকর হয়ে উঠেছিল।হতরিদ্র মানুষকে চাল-ডাল দিলেও সেটা রান্নার জন্য অন্যসব উপকরণ তাদের ছিল না। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবার প্যাকেট করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। উদ্দেশ্য ছিল খাবারের জন্য দরিদ্র মানুষকে যেন ঝুঁকি নিয়ে ঘরের বাইরে আসতে না হয়। 

বগুড়া শিশু হাসপাতালে চিকিৎসকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও সরবরাহ করেছেন সুমন। তার আহ্বান, দল-মতের পার্থক্য না করে যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালে এই সংকট মোকাবিলা সহজ হবে।

আরও পড়ুন

×