মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮৮
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২০ | ০৯:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মুন্সীগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নতুন আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার প্রাপ্ত ১৪৪ জনের নমুনার রিপোর্টে নতুন ২৮ জন নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াঁল ৪৮৮ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৬টি উপজেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার মালিপাথর এলাকার আব্দুল হালিম (৬৫) ও মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার আব্দুল কাদের (৬০) এর নমুনা পরিক্ষায় করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার আরও ১০ জন করোনা জয় করেছেন। এ নিয়ে জেলায় করোনা জয় করার সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, শ্রীনগর উপজেলায় ৭ জন, সিরাজদিখান উপজেলায় ৩ জন ও গজারিয়ায় ২ জন। গত ১৯ ও ২০ মে পাঠানো নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার ১৪৪ জনের ফলাফল পাওয়া যায়। এর মধ্যে নতুন ২৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বাকিদের ফলাফল নেগেটিভ এসেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলা থেকে ২ হাজার ৮৪৫ জনের নমুনা পাঠানো হয়েছিল ঢাকায়। বৃহস্পতিবার ১৪৪ জনের ফলাফল পাওয়া যাওয়ায় আর কোন নমুনা পরীক্ষা পেন্ডিং নেই।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনের আওতায় নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, করোনা শনাক্তদের আইসোলেশনে থাকার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের বলা হয়েছে।