করোনা উপসর্গ নিয়ে চবি কর্মচারীর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৯:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রকৌশল দফতরের তৃতীয় শ্রেণির কর্মচারী মোহাম্মদ হুমায়ন ভুঁইয়া মারা গেছেন। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের পাশে একটি বাসায় থাকতেন। সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়ি ফেনীতে নিয়ে যাওয়া হয়।
চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. আবু তৈয়ব জানান, মৃত্যুর আগে হুমায়ন ভুঁইয়ার জ্বর ছিল। অনেক আগ থেকে তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন। শনিবার ভোরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় কোভিড-১৯ এর উপসর্গ থাকায় চমেক হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।