ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গাবতলীর সেই খাদ্য গুদাম কর্মকর্তা বরখাস্ত

গাবতলীর সেই খাদ্য গুদাম কর্মকর্তা বরখাস্ত
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৯:৫৯ | আপডেট: ৩০ মে ২০২০ | ১০:১২

বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্য গুদাম থেকে ১৫ মেট্রিকটন চাল এক ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রির অভিযোগে সেই খাদ্যগুদাম কর্মকর্তা গাজী শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এফ এম সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ ওই খাদ্য গুদাম কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নিদের্শ দেন। এদিকে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি  তদন্তের কাজ শুরু করেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে জেলার গাবতলী উপজেলাধীন সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া সরকারি খাদ্য গুদাম থেকে এক ব্যবসায়ীর কাছে ওই চাল বিক্রি করা হয়। চাল ট্রাকে তোলার সংবাদের ভিক্তিতে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গুদাম থেকে বের করা ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা অথ্যাৎ ১৫ মেট্রিকটন চাল একটি ট্রাকে তুলতে দেখতে পায়। স্থানীয় লোকজন তখন ওই গুদাম কর্মকর্তা শফিকুল ইসলামের ওপর মারমুখি হয়ে উঠে।

এমন পরিস্থিতিতে জনতার রোষানল থেকে খাদ্য গুদাম কর্মকর্তা শফিকুল ইসলামকে পুলিশের হেফাজতে নেয়া হয়। এ সময় সরকারি চাল অবৈধভাবে কেনার অভিযোগে জেলার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের চাল ব্যবসায়ী আমজাদ হোসেন শাহীন ও গুদামের নৈশ প্রহরী সাদেকুল ইসলামকে আটক করা হয়। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক এফ এম সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পরই সেখানে গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে পাঠানো হয় এবং ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তাছাড়া আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিরাও জড়িত থাকতে পারেন।

দুনীর্তি দমন কমিশন (দুদক) সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×