ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সিলেটে বন্যপ্রাণী পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে বন্যপ্রাণী পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ মে ২০২০ | ১০:৪৫ | আপডেট: ৩০ মে ২০২০ | ১১:০৯

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা ৯টি বণ্যপ্রাণীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

শনিবার বিকেলে জৈন্তাপুর থানায় বনবিভাগের সারি রেঞ্জের বিট কর্মকর্তা সাদ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক মামলার কথা নিশ্চিত করেছেন।

এই মামলার বাদী সাদ উদ্দিন বলেন, শনিবার সকালে জৈন্তাপুরের ফতেহপুর ইউনিয়নের বালিপাা গ্রামে বন্যপ্রাণীকে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে যাই। এ সময় বনবিভাগের পাশাপাশি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের তদন্তকালে ৯টি বন্যপ্রাণী হত্যার প্রমাণ পাওয়া যায় এবং পিটিয়ে হত্যায় জড়িত দুইজনকে শনাক্ত করা সম্ভব হয়। তারা হলেন, গ্রামের আব্দুল হালিম ও শাহরিয়ার আহমদ।

শুক্রবার সকালে গ্রামবাসী লাঠিসোটা দিয়ে পিটিয়ে ৬টি শেয়াল, দুটি বাগডাশা ও একটি বেজি হত্যা করে। এই প্রাণীগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা। বন্যার কারণে জঙ্গলে খাবারের অভাব দেখা দেওয়ায় কয়েকদিন আগে প্রাণীগুলো লোকালয়ে এসে হাঁস-মুরগী খেয়ে ফেলেছিল। এই অপরাধে তাদের পিটিয়ে হত্যার পর প্রাণীগুলোর মৃতদেহ নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক কে এইচ জাকির পিটিয়ে মেরে ফেলা প্রাণীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন

×