বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়াল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ৩০ মে ২০২০ | ১২:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়াল।
গত ১ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ৩০ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২২। শনিবার নতুন করে আক্রান্তদের মধ্যে পুরুষ ২৩ জন ও ৬ জন মহিলা রয়েছেন।
তবে শজিমেকের পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল দেরিতে আসায় শনাক্তদের সম্পূর্ণ ঠিকানা ও আক্রান্ত হওয়ার ইতিহাস জানা যায়নি।
শনিবার রাত সাড়ে ৯টায় বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান।
শনিবার বগুড়ার ১৫৬টি ফলাফলে নতুন ২৯ জন শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৩২২জনে। তবে এদের মধ্যে ২০জন সুস্থ ও একজন মারা গেছেন।
ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের মধ্যে সদরের ২০ জন, শেরপুরের ৩ জন, শাজাহানপুরের ২জন, ধুনটের ২জন, আদমদীঘি ও দুপচাচিয়ার একজন করে শনাক্ত রোগী রয়েছেন।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।