সিলেটে করোনা আক্রান্ত পাঁচশ ছাড়াল
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩০ মে ২০২০ | ১২:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেট বিভাগের মধ্যে ‘হটস্পট’ হয়ে উঠা সিলেট জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। শনিবার নতুন করে সিলেট জেলায় ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের নিয়ে এই জেলায় মোট ৫৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন।
সিলেট জেলার নতুন আক্রান্তদের নিয়ে পুরো বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪৮ জন। সুনামগঞ্জে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১৬৯ জন। এছাড়া হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
শনিবার টানা দ্বিতীয় দিনের মত হবিগঞ্জ ও মৌলভীবাজারে নতুন কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। সিলেট বিভাগের এই দুটি জেলায় সংগৃহিত নমুনা ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
এই বিভাগের মধ্যে সিলেট জেলার নমুনাগুলো ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এবং সুনামগঞ্জের নমুনাগুলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে পরীক্ষা করা হয়। শনিবার অবশ্য শাবিতে সিলেট জেলার নমুনা পরীক্ষা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, শনিবার তাদের ল্যাবে সিলেট জেলার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়; যাদের মধ্যে ৪৯ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
অন্যদিকে শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানিয়েছেন, এদিন তাদের ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।