ফের শুরু হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল
প্রস্তুত পর্যটকবাহী জাহাজ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০২:৫৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৩:২৬
প্রায় আট মাস বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে নভেম্বরের শুরু থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। সাগর উত্তাল থাকায় গত বছরের ১৫ মার্চ এ নৌপথে পর্যটকবাহী জাহাজ বন্ধ করে দিয়েছিল প্রশাসন।
সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার সমকালকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,‘কয়েকটি পর্যটকবাহী জাহাজ টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলের অনুমতির জন্য আবেদন করেছে। আবহওয়া স্বাভাবিক থাকলে নভম্বরের শুরু থেকে এসব জাহাজ চলাচল শুরু হতে পারে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্রগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘চলতি মৌসুমে এ নৌপথে চলাচলের জন্য পাচঁটি জাহাজ অনুমতি চেয়েছে। তার মধ্যে গত ২৩ অক্টোবর, তিনটি পর্যটকবাহী জাহাজকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।’ তিনি জানান, অনুমতি দেওয়ার পরও ঠিক কি কারণে এখনও এ নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়নি সেটা তার জানা নেই। তিনি বলেন, হয়তো নভম্বরের শুরু থেকে জাহাজগুলো চলাচল শুরু হতে পারে। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া জাহাজগুলো হলো কেয়ারি সিন্দাবাদ, দ্যা আল্টানিক ক্রুজ ও ফারহানা।
কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন,‘ বিআইডব্লিউটিএ-এর অনুমতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের ছাড়পত্র পেলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হবে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান জানান, জাহাজে অতিরিক্ত যাত্রী বহন করলে, কাউকে ছাড় দেওয়া হবেনা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘দ্বীপে পর্যটক ব্যবসায়ীরা তাদের আবাসিক হোটেল ও কটেজগুলো সাজিয়ে রাখছেন।’ তিনি জানান, জাহাজ চলাচলের খবর দ্বীপে পৌঁছালে সব শ্রেণি পেশার মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে।