বিদ্যালয়ের ল্যাব থেকে ১৭ ল্যাপটপ চুরি
হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ১৯:১৬
শৈলকুপায় হিতামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭টি ল্যাপটপ চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে ল্যাপটপগুলো চুরি হয়। এ ঘটনায় নৈশপ্রহরী ও দপ্তরিকে আসামি করে থানায় অভিযোগ করা হয়েছে।
২০২২ সালে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য বিদ্যালয়ে ১৮টি ল্যাপটপ দেওয়া হয়। এখানে ৪০ শিক্ষার্থী প্রশিক্ষণ নেয়। গত বৃহস্পতিবার স্কুল শেষে কর্মচারীরা ল্যাব তালাবদ্ধ করে চলে যান। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুল থেকে প্রধান শিক্ষককে জানানো হয় ল্যাবের তালা কেটে ল্যাপটপ চুরি হয়েছে। তিনি প্রথমে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে নৈশপ্রহরী ও দপ্তরির নামে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রধান শিক্ষক গোলাম সরোয়ার জানান, ১৭টি ল্যাপটপ নিয়ে গেছে চোর। নষ্ট একটি ল্যাপটপ ফেলে গেছে। এ ঘটনায় নৈশপ্রহরী ও এক দপ্তরির নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নৈশপ্রহরী লিয়াকত আলী জানান, রাতে সব কক্ষের তালা চেক করে ঘুমিয়ে পড়েন। সকালে অফিস থেকে ল্যাপটপ চুরির বিষয়টি জানানো হয়। তবে রাত ১১টার দিকে দপ্তরি স্বপনের সঙ্গে একজনকে বিদ্যালয়ে দেখেছেন বলে জানান তিনি। রাতে ল্যাবে আসার বিষয়টি স্বীকার করেছেন দপ্তরি স্বপন কুমার। তবে চুরির সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ল্যাপটপ চুরি
- বিদ্যালয়
- ঝিনাইদহ
- শৈলকুপা
