ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

অন্যকে পড়িয়ে নিজের পড়ার খরচ জুগিয়েছে ফারহানা

অন্যকে পড়িয়ে নিজের পড়ার খরচ জুগিয়েছে ফারহানা
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০১:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বাবা দিনমজুর। অসুস্থ থাকায় সংসার চালানোই দায়। মেয়েদের পড়াশুনার খরচ চালাবেন কীভাবে? তবে বাবার অভাবের সংসার দমিয়ে রাখতে পারেনি ফারহানাকে। অন্যকে প্রাইভেট পড়িয়ে টাকা উপার্জন করে নিজের পড়ার খরচ জুগিয়েছে সে। এভাবেই অদম্য মেধাবী ফারহানা আফরিন এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া কারিগরপাড়ার দিনমজুর ফরহাদ আলীর  ছোট মেয়ে। শহীদ রেজাউন নবী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছে সে।  

ফারহানার মা রাবেয়া বেগম জানান, স্বামী-স্ত্রী ও দুই মেয়ে নিয়ে চারজনের সংসার তাদের। মেয়েদের বাবা অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে কোন কাজকর্ম করতে পারেন না। ছোট মেয়ে ফারহানা অভাবের সংসারে নিজে প্রাইভেট পড়তে পারেনি। তবে অন্যকে প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়ার টাকা জোগাড় করেছে সে। স্কুলের শিক্ষকরা বই খাতা দিয়ে সহযোগিতার পাশাপাশি বিনা বেতনে পড়িয়েছে। 

ফারহানা জানায়, সে বড় হয়ে একজন চিকিৎসক হতে চায়। তবে আর্থিক সংকট তার ভবিষ্যত স্বপ্ন পূরণের পথে একমাত্র বাধা। 

মা রাবেয়া বেগম মনে করেন, সমাজের কোনো বিত্তবান ব্যক্তি বা সংস্থা ফারহানার পাশে দাঁড়ালে একদিন অবশ্যই তার মেয়ের স্বপ্ন পূরণ হবে। 

আরও পড়ুন

×