দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৪:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খাগড়াছড়ির দীঘিনালায় মরিয়ম বেগম (৬০) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মেরুং ইউনিয়নের ২ নং কলোনী নামক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম ২ নং কলোনীর মৃত সামছুদ্দিনের স্ত্রী।
প্রতিবেশী ও নিহতের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে প্রতিবন্ধী মরিয়ম বেগম বাড়িতে একাই থাকতেন। এলাকাবাসীর নিকট অনেক বিশ্বস্ত ছিলেন তিনি। তাই গ্রামের অনেকেই তার কাছে টাকা জমা রাখতেন। ঘটনার দিন সকালে প্রতিবেশী লেবু মিয়ার ছেলে হানিফ মিয়া ঘরে ঢুকে প্রতিবন্ধী মরিয়ম বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখে এলাকার লোকজনকে খবর দেন। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় মরিয়মের আলমারীর ড্রয়ার ও কাচ ভাঙচুর অবস্থায় পাওয়া যায়।
নিহতের মেয়ে মাহফুজা বেগম জানান, প্রতিবেশিদের জমা রাখা টাকা হাতিয়ে নেয়ার জন্যই তার মাকে কূপিয়ে হত্যা করা হয়েছে। তাই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেশিদের জমা রাখা টাকা হাতিয়ে নেয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।