করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে লাশ রেখে পালালো স্বজনরা
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৫:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নেত্রকোণার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে ছন্দু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মারা যাওয়ার পর লাশ হাসপাতালে রেখেই পালিয়ে গেছে স্বজনরা। ছন্দু মিয়া আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্বর গ্রামের বাসিন্দা।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সজিব সাইফুল্লাহ জানান, ওই ব্যক্তি অনেক আগে থেকেই ফুসফুসে সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার তার অবস্থা খারাপ হওয়ায় স্বজনরা তাকে হাসপাতালে আনেন। রাত ১১ টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর হঠাৎ করেই স্বজনরা লাশ রেখে সটকে পড়েন। করোনা হয়েছে সন্দেহে তারা এমনটি করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকরুল হাসান চৌধুরী টিপু জানিয়েছেন, মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তার গ্রামের বাড়ি থেকে স্বজনদের খুঁজে এনে তাদের হাতে শুক্রবার দুপুরে লাশ তুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মেই লাশের দাফন হবে।