ফরিদপুরে পদ্মায় নৌকাডুবি, ৫ শ্রমিক নিখোঁজ
পদ্মায় নিখোঁজদের স্বজনদের আহাজারি- সমকাল
ফরিদপুর অফিস ও সদরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৫:১৯ | আপডেট: ০৫ জুন ২০২০ | ০৫:৩২
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় পাঁচজন কৃষি শ্রমিক নিখোঁজ রয়েছেন। শুক্রবার সকালে সদরপুরের শয়তানখালী ঘাট থেকে চর নাসিরপুর দিয়ারার চরের ক্ষেতে বাদাম তুলতে যাওয়ার সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রশাসনের উদ্যোগে স্পীডবোট নিয়ে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হয়। ডেকে পাঠানো হয় দমকল বাহিনীর ডুবুরি দলকে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কারও হদিশ মেলেনি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তাদের লাশ ভেসে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ দিকে নদী তীরে সারাদিনই ভিড় করে ছিলেন নিখোঁজদের স্বজনরা।
স্থানীয়রা জানান, উপজেলার চর শালিপুরের কাজীকান্দা গ্রামের কৃষক লালন ফকিরের মালিকানাধীন চরের ১৭ বিঘা জমির বাদাম তোলার জন্য ২৭ জন শ্রমিক ইঞ্জিনচালিত নৌকায় (ছোট ট্রলার) করে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ৫ জন পানিতে ডুবে যান।
নিখোঁজ পাঁচ শ্রমিকের মধ্যে দু’জনের বাড়ি সদরপুরে ও তিনজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। এদের মধ্যে সদরপুর উপজেলার নিখোঁজ দু’জন হচ্ছেন, পিয়াজখালী এলাকার দুই চাচাতো ভাই রুবেল ব্যাপারী (২৫) ও শহীদুল ব্যাপারী (২২)। বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও পূরবী গোলদার বলেন, যে নৌকাটি ডুবে গেছে, সেটি ছোট আকারের মাছ ধরা নৌকা। নৌকাটির ধারণক্ষমতা ছিল ১০/১২ জন। কিন্তু ওই নৌকায় পাড়ি দিচ্ছিলেন ২৭ জন। ফলে অধিক যাত্রী ও নদীর তীব্র স্রোতের কারণে নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়।
তিনি বলেন, এ ঘটনার পর থেকেই স্পীডবোট নিয়ে নিখোঁজ শ্রমিকদের সন্ধান করা হচ্ছে। পাশাপাশি তলব করা হয়েছে দমকল বাহিনীর ডুবুরি দলকে।
এ ব্যাপারে সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, মানিকগঞ্জ থেকে তিন জনের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। তবে বিকেল পর্যন্ত নিখোঁজ কাউকে পাওয়া যায়নি।