খাটের নিচে হাজার বোতল ফেনসিডিল, স্বামী-স্ত্রীসহ আটক ৩
ফেনসিডিলসহ আটকরা -সমকাল
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৫:৩০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মাদকব্যবসার অভিযোগে এক দম্পতিসহ ৩ জনকে আটক করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের ঘর থেকে ১০০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই হেমায়েত উদ্দিন পিপি গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক মাদ্রাসা রোডের সাফায়েত হোসেন চৌধুরীর বাড়ির ভাড়াটিয়ার কক্ষে অভিযান চালিয়ে ওই মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী আশরাফ আলী (৩৯) ও তার স্ত্রী মুক্তা (২৯) এবং তাদের সহযোগী জায়েদুল ইসলামকে (২৫) আটক করা হয়। আশরাফ ও মুক্তার বাড়ি লালামনিরহাট সদর থানার কর্নপুর গ্রামে। আর নারায়ণগঞ্জের রুপগঞ্জে।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্তি পুলিশ সুপার মেহেদী ইমরান এসব তথ্য জানান।
অভিযানে থাকা সিদ্ধিরগঞ্জ থানার এএসআই হেমায়েত উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী আশরাফ ও তার স্ত্রী মুক্তার ঘরের খাটের নিচে বস্তায় ভরা ছিল ফেনসিডিলগুলো। আসামিদের বিরুদ্ধে লালমনিরহাট ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটকরা পুলিশকে জানায়, লালমনিহাট জেলার সীমান্ত এলাকা,থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে দীর্ঘদিন ধরে এনে ভাড়া বাসায় মজুদ করে এবং পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্থানে পাইকারিভাবে বিক্রি করতো তারা। এ ব্যপারে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।