প্রধানমন্ত্রীর ওপর নাছিরের 'বিচারের ভার'
মেয়র নাছির উদ্দীন- ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ১১:৪১
হাসিনা মহিউদ্দিনকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে চলমান আন্দোলন
স্থগিত করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়র নাছির উদ্দীনের 'বিচারের' দায়িত্ব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত
মহিউদ্দিন অনুসারী নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আন্দোলনের অন্যতম নেতা নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সমকালকে জানান, নিজেদের মধ্যে কথা বলে আন্দোলনে সম্পৃক্ত নেতারা আন্দোলন স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। রাতে আন্দোলনে সম্পৃক্ত নেতাদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসিনা মহিউদ্দিন নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা।
গত রোববার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের প্রতিনিধি সভা হয়। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী তখন হাসিনা মহিউদ্দিনকে মঞ্চে ডেকে নিয়ে বসান। তবে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন তাকে নামিয়ে দেন। ঘটনাটি জানাজানির পর মহিউদ্দিন চৌধুরীর অনুসারী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
সোমবার নগরীর জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ থেকে মেয়র নাছিরকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে হাসিনা মহিউদ্দিনের কাছে ক্ষমা চাইতে বলা হয়। না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। এ নিয়ে দলের কেন্দ্রীয় নেতা ও আন্দোলনকারীদের মধ্যেও ফোনে কথা হয়।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়। তারা সবাই ঘটনাটি 'দুঃখজনক' মনে করার পাশাপাশি এ নিয়ে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আন্দোলনকারী নেতাদের সতর্ক করেন।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি মোবাইল ফোনে সমকালকে বলেন, 'হাসিনা মহিউদ্দিন শুধু মহিলা আওয়ামী লীগের নেত্রীই নন, তিনি চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা। মেয়র নাছির উদ্দীন তার কাছে ক্ষমা চাইলে বিষয়টির যেমন সমাধান হয়ে যেত, তেমনি এতে তিনি ছোটও হতেন না। কিন্তু তিনি তা করেননি। এটা দুঃখজনক। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে আজ রাতে বৈঠক করা হবে।'
বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে- এমন প্রশ্নের জবাবে নুরুল আজিম বলেন,
'আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও এ ঘটনায় দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন। তবে এ
নিয়ে যাতে নতুন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যও তারা নির্দেশনা
দিয়েছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীও দেশে ফিরেছেন। তাই চলমান আন্দোলন স্থগিত
করে বিচারের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। রাতের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে।'
- বিষয় :
- মেয়র নাছির
- চট্টগ্রাম
- হাসিনা মহিউদ্দিন