ফরিদপুরে ইলিশ ধরায় ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা
ফরিদপুর অফিস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০০:০০
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করার দায়ে বুধবার সকালে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, মো. সাহিন, মো. আলোমগীর, মো. আজহার, জিন্না শেখ, কামাল ফকির সেখ আলেম, মো. শিপন, মো. রাজন ও নেপাল মোল্যা।
হাসান মো. হাফিজুর রহমান জানান, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক বিভিন্ন মেয়াদে জেলেদের সাজা প্রদান করা হয়েছে। অভিযানে প্রায় ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পদ্মার পাড়ে পোড়ানো হয়। এছাড়াও জেলেদের নিকট থেকে আটককৃত প্রায় ১ মণ ইলিশ জব্দ করে উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়।
এ অভিযানে আর ও উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন ও চরভদ্রাসন থানা পুলিশ।