মাদারীপুরে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৬
নিহত সোহান শেখ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০১:০১ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ | ০১:১৪
মাদারীপুর শহরের ভুইয়াবাড়ির মোড় এলাকার একটি ভবণের নিচতলা থেকে সোহান শেখ (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। নিহত সোহান শহরের ইউনাইটেড সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোহানের বাবা হাবিবুর রহমান শেখ মাদারীপুর ষ্টার ক্যাবল নেটওয়ার্ক ডিস কন্ট্রোলরুম অপারেটরের কাজ করেন। চাকুরির সুবাদে দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরের জেলা পরিষদ সংলগ্ন ভুইয়াবাড়ির মোড় এলাকায় এনায়েত হোসেন নান্নুর বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার বিকালে বন্ধুদের সাথে ঘুরতে বের হয় সোহান। এরপরই থেকেই সে নিখোঁজ ছিল । পরিবারের লোকজন একাধিকবার সোহানের মোবাইলে কল দিয়ে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা সোহানদের ঘরের পাশে তিন তলা একটি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।এ সময় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।
সোহানের বাবা হাবিব শেখ বলেন, ‘কেউ আমার ছেলেকে হত্যা করে ওই জায়গায় ফেলে রেখে গেছে।’ তবে কে বা কারা তাকে হত্যা করতে পারে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’