ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সিলেটে আরও ৯৮ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ৯৮ জনের করোনা শনাক্ত
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ১২:৫২

সিলেট বিভাগের দুই জেলায় নতুন করে আরও ৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট জেলায় নতুন ৪০ জন ও সুনামগঞ্জে ৫৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। ফলে সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। পুরো বিভাগে এখন পর্যন্ত ২ হাজার ৬৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এই পরীক্ষায় ৪৩ জনের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে বলে জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, তিনজনের ফলোআপ ও অন্যরা নতুন করে শনাক্ত হয়েছেন।

সর্বশেষ হিসেব অনুযায়ী, সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের বেড়ে হয়েছে এক হাজার ৫৩৫ জন। মঙ্গলবার সদর উপজেলা ও নগরীর সর্বোচ্চ ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বিশ্বনাথের ১২ জন ও সুনামগঞ্জের একজন রয়েছেন। সুনামগঞ্জের বাসিন্দা নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে সুনামগঞ্জের ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, নমুনা পরীক্ষা ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুনামগঞ্জে এখন পর্যন্ত ৬৪১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়া বিভাগের অপর দুই জেলার মধ্যে হবিগঞ্জে ২৬১ জন ও মৌলভীবাজারে ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই দুটি জেলার নমুনাগুলো ঢাকার ল্যাবে পাঠানো হয় বলে প্রতিদিন রিপোর্ট পাওয়া যায় না। চার জেলার মধ্যে সিলেটে ১৫৪ জন, সুনামগঞ্জে ১০৯ জন, হবিগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে ৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় জানিয়েছে, সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় ৫৪ জন মারা গেছেন। সিলেটে সর্বোচ্চ ৪২ জন মারা গেছেন। অন্য তিন জেলায় চার জন করে মারা গেছেন। এই বিভাগে ৫৫৯ জন সুস্থ হয়েছেন; যার মধ্যে সিলেটে ১৯৬ জন, সুনামগঞ্জে ১৩১ জন, হবিগঞ্জে ১৫৭ জন ও মৌলভীবাজারে ৭৫ জন।

আরও পড়ুন

×