ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সেনবাগে নিখোঁজের ৭ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

সেনবাগে নিখোঁজের ৭ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার
×

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ২১:৩০

নোয়াখালীর সেনবাগে নিখোঁজের ৭ ঘণ্টা পর মঞ্জুর আহসান তুষার (২১) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। 

নিহত মঞ্জুর আহসান তুষার নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড তফাদার বাড়ির শাহ আলমের ছেলে। তুষারের মৃত্যু রহস্যজনক হওয়ায় লাশময়না তদন্ত শেষে দাফন করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত তুষার লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেনবাগের কাবিলপুরে নিজ বাড়িতে আসে তুষার। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য যায়। দুপুর গিয়ে বিকেল হলেও আর বাড়িতে ফিরে আসেনি তুষার। পরিবারের লোকজন বাঁশ বাগানসহ সম্ভাব্য স্থানে খোজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সন্ধ্যার দিকে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে পুকুরের পানিতে তুষারের লাশ ভাসতে দেখে উদ্ধার করে। 

নিহতের আত্মীয় ফাহাদ বলেন, চার ভাই ও এক বোনের মধ্যে তুষার সবার ছোট ছিল। সে সাঁতার জানতো। কিন্তু পুকুরের পানিতে তার লাশ পাওয়া গেছে। তুষারের মৃত্যু রহস্যজনক।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে (রাত ১০টা) পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×