ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিকা চৌধুরীর ৩ বছর কারাদণ্ড

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গিকা চৌধুরীর ৩ বছর কারাদণ্ড
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০৫:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীকে তিন বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।  

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি সমকালকে বলেন, রায়ের সময় আসামি গিয়াস কাদের চৌধুরী আদালতে অনুপস্থিত ছিলেন। তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদুর রহমান বলেন, মামলায় এক দিনেই (গত ২৮ অক্টোবর) ৬ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। এরপর এ রায় দেন। আসামি গিয়াস কাদের চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে ভর্তি। অথচ আদালত আসামিপক্ষের কোনো কথাই শোনেননি। এই রায়ে আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে আপিল করবো।  

২০১৮ সালের ২৯ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।

এরপর ৩০ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি। এ ঘটনায় চট্টগ্রাম আদালতে আরো তিনটি মামলা বিচারাধীন রয়েছে।


আরও পড়ুন

×