ইন্দুরকানীতে করোনা উপসর্গে পাঁচদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ২২:৩৬
ইন্দুরকানীতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে পল্লী চিকিৎসক নির্মল দাস মারা যাওয়ার ৫ দিন পর তার বড় ভাই আরেক পল্লী চিকিৎসক সুনিল সরকারও মারা গেছেন।
মঙ্গলবার রাত ৮ টার দিকে পল্লী চিকিৎসক সুনিল সরকার (৬৫) অসুস্থ হয়ে পড়লে তাকে পিরোজপুর জেলা করোনা ইউনিটির আইসোলেশনে আম্বিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান। রাতেই পুলিশের সহয়তায় তাকে দাফন করা হয়।
এর আগে তার ছোট ভাই পল্লী চিকিৎসক নির্মল দাস গত বুধবার রাতে উপজেলা ইন্দুরকানী বাজারের নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান।
স্থানীয়রা জানান, দুই ভাই এক ভবনে বসবাস করতেন এবং পাশাপাশি তাদের চেম্বার ছিল। পল্লী চিকিৎসক নির্মল করোনা উপসর্গে মারা গেলে তার নমুনা নিতে বললে স্থানীয় প্রশাসন বিষয়টির কোনো গুরুত্ব দেয়নি। পরে তিন দিন পর রোববার ওই পরিবারের সুনিল ডাক্তারসহ আটজনের নমুনা সংগ্রহ করে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্স বরিশাল সেবাচিমে পাঠায়। রিপোর্ট আজও আসেনি। রিপোর্ট আসার আগেই পল্লী চিকিৎসক সুনিল সরকার করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন।
ইন্দুরকানী বাজারের ব্যবসায়ীরা জানান, ওই পরিবারের অনেকেই জ্বর ও সর্দি নিয়ে কোন নিয়ম না মেনে বাজারে ঘুরছে। মঙ্গলবার রাতে সুনিল সরকার মারা যাওয়ার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। বাজারের ব্যবসায়ীদের দাবি, ওই পরিবারসহ বাজার লকডাউন ঘোষণা করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ মুজাহিদ আল মুজাহিদ জানান, বাজারে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
- বিষয় :
- ইন্দুরকানী
- পিরোজপুর