ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ধামরাই পৌরসভা লকডাউন

ধামরাই পৌরসভা লকডাউন
×

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০০:১২ | আপডেট: ১৮ জুন ২০২০ | ০০:৫৪

ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাস বিস্তাররোধে রেড জোন হিসেবে চিহ্নিত করে ধামরাই পৌরসভা ও উপজেলার চারটি ইউনিয়নের ছয়টি বাজার এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।  

শনিবার সকাল ৮টা থেকে আগামী ২১ দিন এসব এলাকা লকডাউন থাকবে।

ধামরাই উপজেলা মিলনায়তনে বুধবার সন্ধ্যায় করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত সেওয়া হয়।

রেড জোনে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে যৌথভাবে মাঠে থাকবে সেনাবাহিনী, পৌরসভার ও উপজেলার প্রশাসন এবং ধামরাই থানা পুলিশ। 

লকডাউন চলাকালে কোন ব্যক্তি ঘর থেকে বাইরে যেতে পারবে না। যদি কাউকে রাস্তায় চলাচল করতে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক।

তিনি আরও জানান, রেড জোন হিসেবে চিহ্নিত ধামরাই পৌরসভা, সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর বাজার, বাথুলি বাজার, সানোড়া ইউনিয়নের কালামপুর বাজার, ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান ও তেতুলিয়া বাজার  এবং রোয়াইল ইউনিয়নের সেনাইল এলাকায় লকডাউন বাস্তবায়ন করা হবে। রেড জোনে প্রবেশ ও বহিঃর্গমন বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হবে। 

ধামরাই পৌর মেয়র গোলাম কবির বলেন, ধামরাই পৌরসভার সব ওয়ার্ড রেড জোনের আওতায়। হবে। সরকারি নির্দেশ মানতে সবাইকে বাধ্য করা হবে। আইন অমান্যকারীর বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। 

এর আগে, মঙ্গলবার ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে আমতা, সানোড়া, সূতিপাড়া, সোমভাগ, ধামরাই সদর, ভাড়ারিয়া ইউনিয়নসহ ধামরাই পৌরসভাকে রেড জোন ঘোষণা করেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মইনুল আহসান। এরমধ্যে সানোড়া ইউনিয়নের কালামপুর, সূতিপাড়া ইউনিয়নের বাথুলি ও শ্রীরামপুর বাজার, ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান ও তেতুলিয়া বাজার ও রোয়াইল ইউনিয়নের সেনাইল এলাকায় লকডাউন বাস্তবায়ন করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, ধামরাই উপজেলায় ১৩ জুন পর্যন্ত ২৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ জন। এরমধ্যে পৌর এলাকাতে আক্রান্ত ১৪১ জন ও মারা গেছেন ৫ জন।


আরও পড়ুন

×