গোয়ালন্দে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার
গ্রেফতার বক্কার শেখ -সমকাল
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০৭:৩৮
রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার ৩৯ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানা মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ।
এদিকে মামলার পর অভিযুক্ত বক্কার শেখকে (৪০) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব উজানচর নতুন পাড়া গ্রামের ইউনুচ শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হত দরিদ্র পরিবারের ওই গৃহবধূ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাগলের জন্য ঘাস কাটতে মাঠে যান। এসময় বক্কার শেখ তাকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে মাঠে কাজ করা অন্য লোকজন এগিয়ে এলে বক্কার শেখ পালিয়ে যান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, ঘটনার পরপরই ওই গৃহবধু থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বক্কার শেখকে গ্রেফতার করে এবং প্রথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। এ পরিপ্রেক্ষিতে বিকেলে অভিযোগটি মামলা হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।
- বিষয় :
- রাজবাড়ী
- গোয়ালন্দ
- ধর্ষণচেষ্টা