ভারত থেকে প্রবেশকালে রোহিঙ্গা তরুণী আটক
মাদারীপুর ও শিবচর প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ১০:৫৪
পাসপোর্টে মাদারীপুর জেলার শিবচরের ঠিকানা ব্যবহার করে ভারত গিয়ে ফের
বাংলাদেশে প্রবেশের সময় এক রোহিঙ্গা তরুণী আটক হয়েছেন। মঙ্গলবার তাকে
আটক করা হয়। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলে পাঠিয়েছে
শিবচর থানা পুলিশ। ওই রোহিঙ্গা তরুণীর কাছে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র
মন্ত্রণালয় থেকে দেওয়া পরিচয়পত্রও পাওয়া গেছে।
শিবচর থানা পুলিশ জানায়, গত ১ আগস্ট রোহিঙ্গা তরুণী সাহানা আক্তার (২৩) দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গেদে বর্ডার ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে যান। মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ওই রোহিঙ্গা তরুণী একই পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় জয়নগর ইমিগ্রেশন পুলিশ ওই তরুণীর কথাবার্তায় মিয়ানমারের আঞ্চলিক ভাষার টান পায় এবং তাকে আটক করে। তরুণীর পাসপোর্টে তার পরিচয় মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি গ্রাম উল্লেখ করা হয়েছে। পাসপোর্টে তার বাবার নাম বাবুল দরানী ও মায়ের নাম নিলুফা বেগম এবং জন্মতারিখ ১৪ জুন ১৯৮৯ উল্লেখ রয়েছে। পাসপোর্টটি ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ইস্যু করা হয়, যার মেয়াদ শেষ হবে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি।
এছাড়াও তার কাছে পাওয়া বাংলাদেশ সরকারের
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা পরিচয়পত্রে তার নাম আজিদা,
পিতা-আব্দুল খালেক, মাতা-লালু ও জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৯৯ উল্লেখ রয়েছে।
আটক রোহিঙ্গা তরুণীকে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ বুধবার রাত
৮টার দিকে মাদারীপুরের শিবচর থানায় হস্তান্তর করে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, রোহিঙ্গা তরুণীর পাসপোর্টে
শিবচরের ঠিকানা থাকায় দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে আমাদের কাছে
হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- রোহিঙ্গা
- পাসপোর্ট
- রোহিঙ্গা তরুণী
- আটক