আক্কেলপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০২:২৪ | আপডেট: ২৯ জুন ২০২০ | ০৩:০০
জয়পুরহাটের আক্কেলপুরে দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাদ্দাম হোসেন উপজেলার হাজরাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রীকে সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরেই প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিল। কিন্তু মেয়েটি তাতে সাড়া দেয়নি। রোববার সকালে মেয়েটি তাদের বাড়ির পাশে একটি কাঁচা বেড়া দিয়ে ঘেরা বাথরুমে গোসল করছিল। ওই সুযোগে সাদ্দাম হোসেন বাথরুমের ভেতরে ঢুকে মেয়েটিকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তার শ্লীলতাহানি করে। এসময় মেয়েটি চিৎকার দিলে সাদ্দাম পালানোর চেষ্টা করে। পরে প্রতিবেশীরা তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সাদ্দামকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
মেয়েটির বাবা অভিযোগ করে বলেন, বখাটে সাদ্দাম অনেক আগে থেকেই আমার মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। দিন দিন সে বেপরোয়া হয়ে উঠছিল। আমি এর সুষ্ঠু বিচার চেয়ে থানায় মামলা করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহানুর রহমান জানান, আসামি সাদ্দাম হোসেন পুলিশের কাছে মেয়েটিকে উত্যক্ত ও শ্লীলতাহানির করার কথা স্বীকার করেছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, শ্লীলতাহানির ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সাদ্দাম হোসেনের নামে থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় সাদ্দামকে গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে।