বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, কানে কামড়
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৮:৩৩
| প্রিন্ট সংস্করণ
পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে মারধর ও কানে কামড় দিয়ে জখম করা হয়েছে। মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফিরোজ আলীর ছেলে। তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর কানে চারটি সেলাই দিতে হয়েছে। শরীরের বেশ কিছু স্থানে জখম রয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার আবদুল্লাহ আল মামুন।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের ভেতরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাট কাজে শীতলক্ষ্যা নদীর পারে ড্রেজার স্থাপন করেন তিনি। বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেলে এসে তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়ি নিয়ে যায়। সেখানে ঘণ্টাখানেক আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ছয়-সাতজন লোক মারধর করে। এক পর্যায়ে ওই বিএনপি নেতা বলেন, কেন তাঁকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসানো হলো, এই বলেই কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।
জানতে চাইলে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে আমি কিছুই জানি না।’
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের ভাষ্য, এ ঘটনার কথা লোকমুখে শুনেছেন তিনি। বিষয়টি কতটুকু সত্য তা তদন্ত করে দেখা হবে।
পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বালু উত্তোলন